বনি-কৌশানীর প্রেমে ভাঙন? গুঞ্জন নিয়ে মুখ খুললেন জুটি

১২ অক্টোবর ২০২৬ - ১৩:৩৮ অপরাহ্ণ
 0
বনি-কৌশানীর প্রেমে ভাঙন?  গুঞ্জন নিয়ে মুখ খুললেন জুটি

বনি-কৌশানীর প্রেম ভাঙার গুঞ্জন, মুখ খুললেন জুটি

প্রায় এক দশকের প্রেম কি এবার ভাঙনের পথে? টালিউডের জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জিকে ঘিরে এমনই গুঞ্জন ছড়িয়েছে। সিনেমার পর্দায় রসায়ন আর বাস্তব জীবনের প্রেম—দুই মিলিয়ে বরাবরই আলোচনায় থাকেন এই জুটি। দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে কখনোই লুকোছাপা করেননি তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত একসঙ্গে ছবি পোস্ট করেন দুজন। এমনকি কয়েক বছর ধরে তাঁদের বিয়ে নিয়েও চলছে নানা আলোচনা। তবে এবার বিচ্ছেদের গুঞ্জন ঘিরে মুখ খুলেছেন বনি ও কৌশানী।

সম্প্রতি একটি পডকাস্টে নিজেদের সম্পর্ক ও পর্দার জুটি হিসেবে জনপ্রিয়তা নিয়ে কথা বলেন তাঁরা। কৌশানী জানান, দর্শকের কাছে একটি জুটি হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়া সহজ নয়। দীর্ঘদিন ধরে দর্শক তাঁদের জুটিকে ভালোবাসা দিয়েছেন, যা তাঁদের নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র জন্যও ইতিবাচক।

কৌশানীর কথার সূত্র ধরে বনি সেনগুপ্ত বলেন, বাস্তব জীবনের সম্পর্ক আর সিনেমার পর্দার সম্পর্ক এক নয়। শুটিংয়ের সময় পর্দায় নানা চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবন আলাদা। শুটিং শেষ করে দিনের শেষে তাঁকে কৌশানীর কাছেই ফিরতে হবে বলেও মন্তব্য করেন বনি।

এদিকে, বিচ্ছেদের গুঞ্জন ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে—এমন প্রশ্নের জবাবে কৌশানী জানান, এসব খবর নিয়ে তাঁর বাবাও মজা করে প্রশ্ন করেন। তবে তাঁদের নিজেদের মধ্যে যা আলোচনা হওয়ার, তা দুজনের মধ্যেই হয়। কৌশানীর মতে, যেকোনো সম্পর্কেই সমস্যা হতে পারে, আর আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। কোনো সমস্যা হলেই সম্পর্ক ভেঙে গেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।

অন্যদিকে, আসন্ন দুর্গাপূজা ঘিরেও উচ্ছ্বসিত এই তারকা জুটি। পূজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমাটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। সিনেমাটি একসঙ্গে দেখার পাশাপাশি পূজার সময়ও একসঙ্গে কাটানোর অপেক্ষায় রয়েছেন বনি ও কৌশানী। ফলে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও নিজেদের সম্পর্ক নিয়ে তাঁদের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।