চুয়েটে আবারও অচলাবস্থা কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

২৬ নভেম্বর ২০২৬ - ০৬:৩৪ পূর্বাহ্ণ
 0
চুয়েটে আবারও অচলাবস্থা কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকটের সমাধান না হওয়ায় আবারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভা থেকে এ ঘোষণা আসে। শিক্ষার্থীদের দাবি, দুই মাসের বেশি সময় ধরে আন্দোলন চললেও সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কাজেও অচলাবস্থা তৈরি হয়েছে। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ কার্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে। একই দিন উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে আইইবি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার পর থেকেই অচলাবস্থার শুরু। এর প্রতিবাদে শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম চালু হলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। এবার প্রায় এক মাসের ব্যবধানে আবারও শাটডাউনের ঘোষণা দিলেন তারা।