বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম দেশে ফিরলেন হাফেজ হীরা
মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম, দেশে ফিরলেন হীরা
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য বড় সম্মান বয়ে এনেছেন হাফেজ ইহতেশামুল হক হীরা। মালয়েশিয়ার ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় ৯৭ নম্বর পেয়ে পুরুষদের হিফজ বিভাগে প্রথম হয়েছেন তিনি। সোমবার সকালে দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে অভিনন্দন জানান। ধর্ম মন্ত্রণালয় বলছে, হীরার এই অর্জন পুরো বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।
প্রতিযোগিতায় প্রথম হয়ে হীরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ, সম্মাননা ট্রফি, ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং তিন হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার। রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী হীরার এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআন শিক্ষার সুনাম আরও বাড়িয়েছে।