পাঁচ দফা কেমোর পর আইসিইউতে রেণু অবস্থা সংকটাপন্ন
পাঁচ দফা কেমোথেরাপির পর আইসিইউতে রেণু
ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে এবার গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন ভারতের মালয়ালম টেলিভিশনের পরিচিত মুখ ও ‘বিগ বস মালয়ালম’-এর সাবেক প্রতিযোগী রেণু সুদি। পাঁচ দফা কেমোথেরাপির পর তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন সহকর্মী সারিকা কে বি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে সারিকা জানান, সম্প্রতি রেণুর বড় বোন তাকে ফোন করে শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। বর্তমানে কেরালার কোট্টায়াম সরকারি মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন রেণু।
সারিকার ভাষ্য, রেণুর অবস্থা এতটাই সংকটাপন্ন যে এই মুহূর্তে আরও এক দফা কেমোথেরাপি নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও তার নেই।
চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যমে রেণু নিজেই জানিয়েছিলেন, তার তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সার শনাক্ত হয়েছে। এরপর থেকে নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন তিনি।
রেণু সুদির আসল নাম রেশমা পি থাঙ্কাচেন। ‘বিগ বস মালয়ালম’-এর সপ্তম মৌসুমে অংশ নিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। এবার তার সংকটাপন্ন শারীরিক অবস্থার খবরে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত ও সহকর্মীরা।