ঢাকাসহ ৭ জেলায় বিজিবি ১০৯ প্লাটুন সদস্য মোতায়েন

২৬ নভেম্বর ২০২৬ - ০৬:৪৯ পূর্বাহ্ণ
 0
ঢাকাসহ ৭ জেলায় বিজিবি ১০৯ প্লাটুন সদস্য মোতায়েন

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন রয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও ৪ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি। সহিংসতা, বিশৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড ঠেকাতেও কাজ করছেন তারা।

এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে চালু রয়েছে বিশেষ মনিটরিং সেল। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা।