কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জয় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা, যা বললেন প্রধানমন্ত্রী
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করা বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে অর্জিত এই পুরস্কার শুধু বিজয়ীদের নয়, এটি বাংলাদেশের সব মুসলমানের জন্যও গৌরবের।
হাফেজদের উৎসাহ ও সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে তাদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে সরকার।
সৌদি আরবের ওই প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা বিভাগে তৃতীয় এবং হাফেজা রাবেতা বিনতে রমজান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ নিজ নিজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।
ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের শান্তি ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে বিজয়ী হাফেজদের বই উপহার দেন প্রধানমন্ত্রী এবং তাদের কণ্ঠে প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া সূরার আয়াত তিলাওয়াতও শোনেন।