অপুকে চুমু আদনানের নেপথ্যে নতুন সিনেমা!
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে চুমু দিচ্ছেন এক যুবক। দুজনের পরনে বর-কনের সাজ। মেহেদি অনুষ্ঠানে এমন রোমান্টিক মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা। কে এই যুবক? তবে কি নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অপু বিশ্বাস? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাওয়া যুবকের নাম আদনান আজাদ। মেহেদি পরানোর একপর্যায়ে দুষ্টুমি করে অপুকে চুমু দেন তিনি। এ সময় লাজুক হাসিতে ধরা দেন অভিনেত্রী। তবে বাস্তবে কোনো বিয়ে কিংবা ব্যক্তিগত সম্পর্কের ঘোষণা নয়, এটি মূলত একটি প্রচারণামূলক ভিডিওর অংশ। দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করতেই বর-কনের সাজে এমন দৃশ্য ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলো সামনে আসার পর থেকেই দুজনের সম্পর্ক এবং একসঙ্গে নতুন কোনো কাজে যুক্ত হওয়া নিয়ে শুরু হয় আলোচনা।
প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় আদনানের। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা পান অপু বিশ্বাস। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।
সম্প্রতি একসঙ্গে ফটোশুটের বিষয়ে অপু বিশ্বাস জানিয়েছিলেন, আদনান আজাদ বড় পরিসরে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। এ জন্য দেশের বাইরে থেকে ভালো একটি টিম নিয়ে কাজ করতে চান তিনি। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথাবার্তাও চলছে।
সব মিলিয়ে অপু বিশ্বাসকে চুমু দেওয়ার ভাইরাল ভিডিওটি কোনো বিয়ের খবর নয়, বরং নতুন সিনেমার পরিকল্পনা ও প্রচারণাকে ঘিরেই তৈরি হয়েছে এই রোমান্টিক আয়োজন।