র্যাব নেই, এলো এসআরবি নতুন বাহিনীর আনুষ্ঠানিক যাত্রা
র্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘এসআরবি’র
র্যাব বিলুপ্তির পর নতুন আইনি কাঠামোর অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’—এসআরবি।
বুধবার এসআরবি সদর দপ্তরে কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশের বিভিন্ন স্থানে থাকা সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দিকনির্দেশনা দেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে এসআরবির কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন।
মহাপরিচালক বলেন, পরিবর্তিত আইনের আলোকে এসআরবির সব কার্যক্রম পরিচালিত হবে। অভিযানে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
এদিকে এসআরবির নতুন লোগো, পতাকা ও পোশাক তৈরির কাজ চলছে। সরকারের চূড়ান্ত অনুমোদনের পর এগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।
এর আগে মঙ্গলবার প্রকাশ করা হয় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর সরকারি গেজেট। গেজেট প্রকাশের পর র্যাবের অফিসিয়াল ফেসবুক পেজের নামও পরিবর্তন করে ‘এসআরবি’ করা হয়েছে এবং সেখানে নতুন লোগো যুক্ত করা হয়েছে।