অটোরিকশায় নতুন নিয়ম নিবন্ধন ফি ১০ হাজার!
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, নিবন্ধন ও নবায়ন ছাড়া কোনো অটোরিকশা সড়কে চলতে পারবে না। নির্ধারণ করা হয়েছে নিবন্ধন ফি, নবায়ন ফি, গতিসীমা ও চলাচলের নির্দিষ্ট এলাকা। এমনকি একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা নিবন্ধন করতে পারবেন।
রোববার (১ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন বিধিমালার বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ১২০ ধারায় দেওয়া ক্ষমতাবলে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ চার্জিং বন্ধ করা এবং যত্রতত্র অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিবন্ধন ও নবায়ন ফি কত?
নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি দিতে হবে ৪ হাজার টাকা।
অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি অটোরিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা।
বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ও নবায়ন ছাড়া কোনো অটোরিকশা সিটি করপোরেশন এলাকায় চলাচল করতে পারবে না।
এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা
নতুন নিয়মে একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা নিবন্ধন করতে পারবেন। প্রতিটি নিবন্ধিত অটোরিকশায় কিউআর কোডযুক্ত আলাদা নম্বর প্লেট থাকতে হবে। যানবাহনের দৃশ্যমান স্থানে এই প্লেট লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া একটি অটোরিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর। এ সময়সীমা শেষ হলে সংশ্লিষ্ট অটোরিকশার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার
যাত্রী ও পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অটোরিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে চালাতে হবে এসব যান।
যেসব সড়কে চলবে না অটোরিকশা
নতুন বিধিমালায় জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস রুট ও ফুটপাতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া প্রশাসন যেসব সড়ককে অটোরিকশা চলাচলের জন্য নিষিদ্ধ ঘোষণা করবে, সেসব সড়কেও চলতে পারবে না এসব যান।
বিধিমালায় আরও বলা হয়েছে, একটি সিটি করপোরেশনের অধীনে নিবন্ধিত অটোরিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না। অর্থাৎ, যে সিটি করপোরেশন থেকে নিবন্ধন নেওয়া হবে, বাণিজ্যিকভাবে চলাচলের ক্ষেত্রেও সেই এলাকার নিয়ম ও বিধিনিষেধ মেনে চলতে হবে।