শতভাগ ফেল করা ২৯৩ কলেজ একীভূত করার পরিকল্পনা সরকারের
শতভাগ ফেল করা ২৯৩ কলেজ নিয়ে নতুন পরিকল্পনা সরকারের
এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করা দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার। এসব প্রতিষ্ঠান বন্ধ না করে আশপাশের কলেজের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের চিন্তাভাবনা চলছে। তবে এ প্রক্রিয়ায় কোনো শিক্ষকের চাকরি যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনের তুলনায় বেশি কলেজ গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান রাতারাতি বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে সীমিত পরিসরে কীভাবে প্রতিষ্ঠানগুলো পুনর্বিন্যাস করা যায়, তা নিয়ে ভাবছে সরকার।
তিনি আরও বলেন, এবার শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এসব কলেজকে কীভাবে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা যায়, তা বিবেচনা করা হবে। তবে এই প্রক্রিয়ায় কোনো শিক্ষকের চাকরি যাবে না বলে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।