মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ বন্ধ যান চলাচল, চরম ভোগান্তি
মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর-১, ২, ১০, ১১, ১২ ও পল্লবী এলাকায় সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে শ্রমিকদের অবরোধ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। মিরপুর-১ ও ২ নম্বর এলাকাতেও সড়কে অবস্থান নেন শ্রমিকরা।
অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যে রওনা হন। বিশেষ করে কর্মজীবী মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।
এর আগের দিন শনিবারও একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। ওই দিন মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বর্তমান মজুরি দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন, শ্রমিকরা আবারও সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।