৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী!
প্রথমবারের মতো দেশে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। আগামী ৩ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, আধুনিক প্রযুক্তি তুলে ধরা এবং এ খাতে বিনিয়োগ আকৃষ্ট করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মন্ত্রী জানান, আগামী ৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। ৩ ও ৪ নভেম্বর দুই দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীর যৌথ আয়োজক বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।
এক্সপো চলাকালে সৌরবিদ্যুতের বিভিন্ন দিক, দেশব্যাপী এর সম্প্রসারণ এবং জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বাড়ানোর বিষয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। পাশাপাশি ছাদ ও অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনে জনগণকে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমানো এবং গ্রীষ্মকালে জনদুর্ভোগ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে সরকার কাজ করছে।
আয়োজকেরা জানান, এক্সপোতে সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব তৈরির সুযোগ থাকবে। সরকারি প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সবুজ অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং দক্ষতা উন্নয়নের বিষয়গুলোও তুলে ধরা হবে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নে সহায়তা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।