হারুনসহ ৭ পুলিশ বরখাস্ত বাধ্যতামূলক অবসরে এএসপি
হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত
দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদসহ সাত পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে হারুন-অর-রশিদের বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালনকালে যথাযথ অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন হারুন-অর-রশিদ। একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরে তদন্তে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়।
বিভাগীয় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত চাওয়া হলে গত ১ অক্টোবর কমিশন তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মত দেয়। পরে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন।
এদিকে, হারুন-অর-রশিদ ছাড়াও পুলিশের আরও ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একজন সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।