বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ আশুলিয়ায় ১৩ কারখানায় ছুটি

৩১ অক্টোবর ২০২৬ - ১১:০৫ পূর্বাহ্ণ
 0
বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ আশুলিয়ায় ১৩ কারখানায় ছুটি

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় ১৩ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুর ও আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার অন্তত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই মিরপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। আশুলিয়ার কাঠগড়া বাজার, আমতলা, নয়াপাড়া ও আশপাশের এলাকার কয়েকটি কারখানায় প্রথমে কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। পরে তারা কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভ করেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কন্টিনেন্টাল গার্মেন্টস, এআর জিন্স ও সিডব্লিউএসহ কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

শিল্প পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ায় মিলিনিয়াম টেক্সটাইল, হেসং কোরিয়া, কন্টিনেন্টাল গার্মেন্টস, টেক্সটাউন গ্রুপ, আফিয়া নিটওয়্যার, নাঈম নিটওয়্যার, জিহান গার্মেন্টসসহ অন্তত ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে এ সংখ্যা আরও বাড়তে পারে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের সময় ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

এদিকে, একই দাবিতে শনিবার সকাল পৌনে ১১টা থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

দুপুর আড়াইটার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে শ্রমিকেরা সরে গেলে প্রায় চার ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিকেল ৩টা পর্যন্ত মিরপুর-১১ ও কালশী সড়কে শ্রমিকদের অবরোধ চলছিল।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। পুলিশের সঙ্গে তাদের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগ জানিয়েছে, শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

এর আগে, একই দাবিতে গত বৃহস্পতিবারও মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। এর আগে উত্তরায়ও কয়েক দিন ধরে একই দাবিতে আন্দোলন চলে। সে সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।