ইসরায়েল-লেবানন চুক্তি মানবে না হিজবুল্লাহ ‘মাথা নত করব না, আত্মসমর্পণ নয়’
ইসরায়েল-লেবানন চুক্তি মানবে না হিজবুল্লাহ, আত্মসমর্পণ নয়: নাঈম কাসেম
ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া কাঠামোগত চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাঈম কাসেম জানিয়েছেন, ইসরায়েলের কাছে তারা আত্মসমর্পণ করবে না।
শুক্রবার আল-মানার টেলিভিশনে দেওয়া এক ভাষণে চুক্তিটিকে অবৈধ ও লেবাননের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।
নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহ প্রস্তাবিত ‘পরীক্ষামূলক এলাকা’ কিংবা সেখানে বাস্তবায়নের জন্য কোনো ধরনের যাচাইব্যবস্থায় সম্মত নয়। তার দাবি, চুক্তির মাধ্যমে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি নির্ধারণ করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা চলছে। সেপ্টেম্বরের শুরুতে নতুন দফা আলোচনার কথা থাকলেও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার মধ্যেই হিজবুল্লাহর প্রধানের এমন বক্তব্য সামনে এলো।
নাঈম কাসেম বলেন, তারা মাথা উঁচু করে থাকবে এবং কোনোভাবেই আত্মসমর্পণ করবে না।