জামানত ছাড়াই ২০ লাখ টাকা আবেদন শুরু ৫৬ জেলায়

১ নভেম্বর ২০২৬ - ১২:২৫ অপরাহ্ণ
 0
জামানত ছাড়াই ২০ লাখ টাকা আবেদন শুরু ৫৬ জেলায়

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে। এ অর্থায়নের জন্য কোনো জামানত লাগবে না।

রোববার (১ নভেম্বর) থেকে দ্বিতীয় পর্যায়ে দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। বর্তমানে এসব আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ’ প্রকল্পের আওতায় এ অর্থায়ন দেওয়া হবে। নতুন পর্যায়ে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলা থেকে আগ্রহী তরুণ উদ্যোক্তারা আবেদন করতে পারবেন।

কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান পাবেন। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে এককালীন প্রদান করা হবে। ফলে নতুন ব্যবসা শুরু কিংবা বিদ্যমান উদ্যোগ সম্প্রসারণে তরুণ উদ্যোক্তারা এ অর্থ ব্যবহার করতে পারবেন।

আগ্রহী উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ জন্য নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে।

দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের আশা করছে বাংলাদেশ ব্যাংক।

গত ১৩ সেপ্টেম্বর তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।