মিরপুরে গ্রেপ্তার ১১ নাশকতার অভিযোগে আটক

১ নভেম্বর ২০২৬ - ১২:২০ অপরাহ্ণ
 0
মিরপুরে গ্রেপ্তার ১১ নাশকতার অভিযোগে আটক

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে নাশকতা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশের মিরপুর বিভাগের একটি অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক মো. কামাল গাজী। তার বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে মিছিল ও ভাঙচুরের জন্য লোক সংগ্রহের অভিযোগ রয়েছে। এ ছাড়া ওলিউল্লাহ অনিককে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও পিকেটার হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

গ্রেপ্তার অন্যদেরও আওয়ামী লীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বা কর্মী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন আলিফ হোসেন ইমন, নাহিদ হাসান, আরিফ আকন্দ, জায়েদ করিম রিয়াজ, মো. রমজান সরকার, মোয়াজ্জেম শাহরিয়া, জুবায়েদ ইসলাম জিসান ও মো. মাহিম মোল্লা।

গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি পটুয়াখালী, কুষ্টিয়া, মুন্সীগঞ্জ, পঞ্চগড়, গাইবান্ধা, কক্সবাজার, পাবনা, সাভার ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের বেশির ভাগই রাজধানীর মিরপুর, পল্লবী, রূপনগর, কাফরুল ও উত্তরা এলাকার বিভিন্ন স্থানে বসবাস করতেন।

এর আগে শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের অংশগ্রহণের তথ্যও সামনে আসে। তাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওতে তাকে শ্রমিক আন্দোলনে অংশ নিতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।