দুই বাসের চাপায় প্রাণ গেল শিক্ষিকার মাইলস্টোনের শিক্ষিকা তাসপিয়া নিহত
দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ার পর দুটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসপিয়া আহমেদ তিসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যাওয়ার পর রমজান পরিবহনসহ দুটি বাসের চাপায় তাসপিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল জানান, দুর্ঘটনার পর রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। পাশাপাশি বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে তাসপিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মর্মান্তিক এ ঘটনায় নিহত শিক্ষিকার পরিবার, সহকর্মী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।