সাতসকালেই বৃষ্টিতে ভিজল ঢাকা ভোগান্তিতে কর্মজীবী মানুষ
সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী
সাতসকালেই বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে কর্মব্যস্ত নগরীতে দেখা দেয় ভোগান্তি। অফিস-আদালতে যাওয়ার পথে অনেকেই বৃষ্টিতে ভিজে কাকভেজা হয়ে গন্তব্যে পৌঁছান।
সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের জন্যও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে। কর্মজীবী মানুষসহ সাধারণ পথচারীদের অনেককেই বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিতে দেখা যায়।