স্থানীয় ভোট নিয়ে বড় বৈঠক আজ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে বসছে ইসি
স্থানীয় নির্বাচন নিয়ে আজ ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, ডাক বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে সংশ্লিষ্টদের বৈঠকে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সহায়তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এরই মধ্যে ওই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।