জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর জন্য বিশেষ উপহার!

২৫ অক্টোবর ২০২৬ - ০৮:০৩ পূর্বাহ্ণ
 0
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮  ছাত্রীর জন্য বিশেষ উপহার!

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জন্মদিন উদ্‌যাপনে কেক কাটার পরিবর্তে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়েছে ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে।

রোববার সকালে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের মতে, নারীশিক্ষার প্রসার, ছাত্রীদের যাতায়াতের ভোগান্তি কমানো এবং পড়াশোনায় উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সাইকেল পেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং নিয়মিত উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে একই দিন শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় চার হাজার মানুষকে এ সেবার আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নারীশিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়েদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত ও পড়াশোনা নিশ্চিত করতে বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। পাশাপাশি জাইমা রহমানসহ জিয়া পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।