মৃত্যুর মুখ থেকে ৭ জনের ফেরা নেপালের বন্যায় ভয়ংকর অভিজ্ঞতা

২৯ আগস্ট ২০২৬ - ১৭:০৭ অপরাহ্ণ
 0
মৃত্যুর মুখ থেকে ৭ জনের ফেরা নেপালের বন্যায় ভয়ংকর অভিজ্ঞতা

নেপালের ভয়াবহ বন্যা, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন ৭ জন

কয়েক মিনিটেই বদলে যায় পুরো দৃশ্য। চারদিকে ধেয়ে আসে বন্যার ভয়াবহ স্রোত। কেউ প্রাণ বাঁচাতে ছুটেছেন পাহাড়ে, কেউ আশ্রয় নিয়েছেন বনের ভেতর। আবার কেউ গাড়ি ছুটিয়েছেন পেছনে ধেয়ে আসা পানির স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে। একজন তো জীবন বাঁচাতে আঁকড়ে ধরেছিলেন বিদ্যুতের তার।

নেপালের ভোতেকোশী নদীতে ভয়াবহ ঢলের পর মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা সাতজনের অভিজ্ঞতায় উঠে এসেছে এমনই ভয়ংকর সব ঘটনা।

বন্যার পানিতে ভেসে যাওয়ার সময় বিদ্যুতের তার আঁকড়ে ধরে প্রায় আধা ঘণ্টা ঝুলে ছিলেন রামবাচন সাহ। কোনোভাবে প্রাণে বাঁচলেও তাঁর সঙ্গে থাকা তিনজন এখনো নিখোঁজ।

এদিকে বন্যার আগেই সতর্কবার্তা পেয়ে কনটেইনার ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে প্রাণে বাঁচেন রাজ কুমার কার্কি। তাঁর পেছনে থাকা একাধিক ট্রাক ও চালক বন্যার স্রোতে ভেসে যায়। পাহাড়ের ওপর উঠে তিনি নিজের চোখে দেখেছেন বসতি ধ্বংস হয়ে যাওয়ার ভয়াবহ দৃশ্য।

অন্যদিকে গাথে কামি বন্যার পানি এগিয়ে আসতে দেখে প্রায় ৫০০ মিটার উঁচু পাহাড়ি বনের দিকে দৌড়ে ওঠেন। দৌড়াতে গিয়ে অচেতন হয়ে পড়লেও জ্ঞান ফেরার পর দেখেন, নিচের পুরো বসতি ধ্বংস হয়ে গেছে।

রাজু বুধাথোকিও জীবন বাঁচাতে ছুটে আশ্রয় নেন বনের ভেতর। আর প্রকাশ গৌতম বন্যার পানিতে মানুষের মরদেহ ভেসে যেতে দেখেছেন নিজের চোখের সামনে। পরে সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার হয়ে নতুন জীবন নিয়ে ফেরেন তিনি।

তুলসী বাহাদুর ভান্ডারিকে বন্যার প্রবল ঢেউ পাহাড়ের দিকে ছুড়ে দেয়। আর সেই ঢেউয়ের কারণেই অলৌকিকভাবে তাঁর জীবন রক্ষা পায়।

তবে প্রাণে বেঁচে ফিরলেও স্বজন হারানোর কষ্ট আর চোখের সামনে দেখা ধ্বংসযজ্ঞের স্মৃতি ভুলতে পারছেন না কেউই। কয়েক মিনিটের সেই ভয়াবহ সময় তাঁদের কাছে এখনো দুঃস্বপ্নের মতো।