ছিনতাইকারীর হ্যাঁচকা টান রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

২৯ আগস্ট ২০২৬ - ১৫:৪২ অপরাহ্ণ
 0
ছিনতাইকারীর হ্যাঁচকা টান রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

ব্যাগ ধরে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এক প্রধান শিক্ষিকা। নিহত রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, চলন্ত রিকশায় থাকা শিক্ষিকার ব্যাগ ধরে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী হ্যাঁচকা টান দেয়। এতে রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বগুড়া থেকে বাসে ঢাকার গাবতলীতে নেমে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন রনজিনা পারভীন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই ছিনতাইকারীর হামলায় প্রাণ হারান তিনি।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে শেরে বাংলা নগর থানা পুলিশ। ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।