বিমান ভাড়া কমানোর ঘোষণা! সুখবর যাত্রীদের জন্য
বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় ও রুট সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর চিন্তা করছে সরকার। জাতীয় সংসদে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (৩০ আগস্ট) সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুটগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে আয় বাড়বে। তখন সাধারণ মানুষের কথা বিবেচনা করে বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।
হজযাত্রীদের বিমান ভাড়ার প্রসঙ্গ তুলে মন্ত্রী জানান, আগে হজের জন্য প্রায় ২ লাখ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হলেও বর্তমানে ডায়নামিক প্রাইসিংয়ের মাধ্যমে তা কমিয়ে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম রুটের ভাড়া নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রীর দাবি, এই রুটে মূল বিমান ভাড়া প্রায় ৬ হাজার ৪০০ টাকা। এর সঙ্গে প্রায় ১৫ শতাংশ কর ও অন্যান্য চার্জ যুক্ত হয়।
ফ্লাইট ছাড়ার সময় ঘনিয়ে এলে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া ঠেকাতেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। নির্ধারিত মূল্যে যাত্রীরা যেন টিকিট কিনতে পারেন, তা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।