কানাডায় নতুন সিনেমায় জায়েদ-অধরা প্রথমবার একসঙ্গে নতুন জুটি
কানাডায় নতুন সিনেমায় জায়েদ খান, নায়িকা অধরা খান
কানাডার মাটিতে নির্মিতব্য নতুন একটি বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও নায়িকা অধরা খান। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এতে একসঙ্গে অভিনয়ের বিষয়টি দুজনই নিশ্চিত করেছেন।
সিনেমাটির গল্প, পরিচালক ও অন্যান্য বিষয় আপাতত প্রকাশ করতে চাননি জায়েদ খান ও অধরা খান। প্রযোজনা প্রতিষ্ঠান শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির বিস্তারিত তথ্য জানাবে বলে জানা গেছে।
জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছেন তিনি। এবার কানাডায় নির্মিতব্য সিনেমায় অভিনয়ের মাধ্যমে নতুন একটি কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এই অভিনেতা।
অন্যদিকে, ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর থেকে স্টেজ শো, বিজ্ঞাপন ও বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন অধরা খান। হলিউডের কাজের পাশাপাশি এবার নতুন দেশীয় সিনেমাতেও যুক্ত হলেন তিনি।
২০১৮ সালে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অধরা খানের। এরপর ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বর্তমানে কানাডায় আন্তর্জাতিক কাজের পাশাপাশি দেশীয় চলচ্চিত্র নিয়েও ব্যস্ত রয়েছেন অধরা। তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ইউরোপে শুটিং হতে যাওয়া নতুন একটি সিনেমাতেও কাজের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।