কাবার সামনে স্বামীর সঙ্গে নীহা কে এই অভিনেত্রীর জীবনসঙ্গী?
কাবার সামনে স্বামীর সঙ্গে ছবি প্রকাশ, বিয়ের খবর জানালেন অভিনেত্রী নাজনীন নীহা
অবশেষে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের খবর প্রকাশ্যে আনলেন ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেত্রী নাজনীন নীহা। এতদিন নিজের প্রেম, বাগদান কিংবা বিয়ের বিষয়টি আড়ালে রাখলেও এবার পবিত্র কাবা শরিফের সামনে স্বামীর সঙ্গে তোলা ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। তবে বিয়ের খবর সামনে এলেও এখনো প্রকাশ করেননি স্বামীর পরিচয়। কে এই অভিনেত্রীর জীবনসঙ্গী, তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বামীর সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করেন নীহা। ছবিতে তাদের পবিত্র ওমরাহ পালন করতে দেখা যায়। তবে স্বামীর মুখ আড়াল করেই ছবিগুলো শেয়ার করেছেন অভিনেত্রী।
ছবির ক্যাপশনে নীহা জানান, এতদিন যে অধ্যায়টি নিজেদের মধ্যে গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবার সেই পথচলার গল্পই আনন্দের সঙ্গে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন। একই সঙ্গে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, আল্লাহ তাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং পবিত্র ঘরে একসঙ্গে আসার সুযোগ দিয়েছেন, তার জন্য তারা কৃতজ্ঞ। তাদের দাম্পত্য জীবন যেন সবসময় বরকতে পরিপূর্ণ থাকে, সেই প্রার্থনাও করেন তিনি।
নীহার এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ভক্ত-অনুরাগীরা তাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তবে সবার আগ্রহ এখন এক জায়গায়—কে নীহার স্বামী?
এর আগে গত জুন মাসের শেষ দিকে নিজের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘এনগেজড’ উল্লেখ করেছিলেন নাজনীন নীহা। এরপরই তার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। তবে সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে বাগদানের কোনো ঘোষণা তিনি দেননি। শুধু জানিয়েছিলেন, তিনি আর সিঙ্গেল নন। বাকি বিষয়গুলো সময় হলে সবাই জানতে পারবেন বলেও জানিয়েছিলেন তিনি।
এবার স্বামীর সঙ্গে ছবি প্রকাশের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটালেন অভিনেত্রী। তবে তার জীবনসঙ্গীর পরিচয় নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নীহা। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এমনকি তার স্বামী বাংলাদেশের নাগরিক নন, পাকিস্তানি বলেও দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে অভিনেত্রী কিংবা তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।