নেপালে বন্যা-ভূমিধসে আটকা তাসরিফ খান ‘যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে’

২৮ আগস্ট ২০২৬ - ১২:২০ অপরাহ্ণ
 0
নেপালে বন্যা-ভূমিধসে আটকা তাসরিফ খান ‘যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে’

নেপালে বন্যা-ভূমিধসে আটকা তাসরিফ খান, ফিরতি পথ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

অবসর কাটাতে নেপাল গিয়ে বন্যা ও পাহাড়ধসের কারণে আটকা পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। দেশটির জনপ্রিয় পর্যটন গ্রাম ঘান্দ্রুকে অবস্থান করছেন তিনি ও তার সঙ্গীরা। তাদের ফেরার পথের বিভিন্ন অংশ পাহাড়ধসে ধসে যাওয়ায় আপাতত বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ।

গত ২০ আগস্ট নেপালে যান তাসরিফ খান। মঙ্গলবার তিনি ঘান্দ্রুকে পৌঁছান। পরিকল্পনা অনুযায়ী বুধবার সেখান থেকে ফিরে বৃহস্পতিবার বাংলাদেশে ফেরার কথা ছিল। তবে মোদি খোলার বন্যা ও পাহাড়ধসে বিরেঠাঁটি-ঘান্দ্রুক সড়কের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

গণমাধ্যমকে তাসরিফ জানান, দুই দিন ধরে তারা ঘান্দ্রুক গ্রামে আটকে আছেন। সবাই সুস্থ থাকলেও কবে সেখান থেকে বের হতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।

তিনি বলেন, যে রাস্তা দিয়ে তাদের ফেরার কথা ছিল, সেটির বিভিন্ন অংশ ধসে গেছে। কোথাও কোথাও সেতুও ভেঙে পড়েছে। ঝুঁকিপূর্ণ সড়কে চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

তাসরিফ জানান, বুধবারই তাদের ঘান্দ্রুক থেকে বের হওয়ার কথা ছিল। কিন্তু কিছুটা দেরি হওয়ায় গাইড তাদের সতর্ক করে জানান, সেদিন আর যাওয়া নিরাপদ নয়। পরে সড়কের বিভিন্ন অংশ ধসে যাওয়ার খবর পেয়ে তারা বুঝতে পারেন, ওই সময় বের হলে বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারত।

তাসরিফের ভাষায়, সময়মতো বের হতে না পারাটাই হয়তো তাদের জন্য আশীর্বাদ হয়েছে।

বর্তমানে তাদের গাইড বিকল্প পথের সন্ধান করতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বাইরে গেছেন। পরিস্থিতি অনুকূলে না এলে আরও দুই থেকে তিন দিন ঘান্দ্রুকেই থাকতে হতে পারে বলে জানিয়েছেন তাসরিফ।

স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নেপালের বিভিন্ন এলাকায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। পাহাড়ি অঞ্চলটিতেও শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে জানতে পেরেছেন এই সংগীতশিল্পী।

সড়কপথ পুরোপুরি ব্যবহার করা সম্ভব না হলে নদীর পাশ দিয়ে ৮ থেকে ১০ ঘণ্টা ট্র্যাকিং করে বিকল্প পথে বের হওয়ার সুযোগ রয়েছে। তবে বন্যা ও ভূমিধসের মধ্যে সেই পথও ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিস্থিতি বুঝেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তাসরিফ খান।