নতুন দায়িত্বে জহির উদ্দিন স্বপন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি
নতুন দায়িত্বে জহির উদ্দিন স্বপন, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে তাকে এই কমিটির সভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
এর আগে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর কমিটির সভাপতির পদটি শূন্য হয়। পরে ওই পদে জহির উদ্দিন স্বপনকে নির্বাচিত করা হয়।
জহির উদ্দিন স্বপন এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়।
মন্ত্রিসভা থেকে তাকে সরিয়ে দেওয়ার পর বরিশাল-১ আসনের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে পরপর দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের মধ্যে এখন কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনেক নেতাকর্মী ও সমর্থক।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এখন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করবেন জহির উদ্দিন স্বপন।