গাজীপুরে গোডাউনে আগুন ক্ষতি ৫০ লাখ টাকা

১৯ অক্টোবর ২০২৬ - ০৭:৪২ পূর্বাহ্ণ
 0
গাজীপুরে গোডাউনে আগুন ক্ষতি ৫০ লাখ টাকা

গাজীপুরে দুই স্থানে আগুন, ক্ষতি ৫০ লাখ টাকা

গাজীপুরের কোনাবাড়ীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গোডাউনের কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সকালে ও রাতে কোনাবাড়ীর আমবাগ বাঘিয়া এবং ডিস পুকুরপাড় এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে আমবাগ বাঘিয়া সরকারবাড়ি জামে মসজিদ এলাকায় রাসেল মিয়া ও এনামুল হকের ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

অন্যদিকে, একই দিন রাতে কোনাবাড়ীর আমবাগ ডিস পুকুরপাড় এলাকায় রনি মিয়ার ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আমবাগ বাঘিয়া ও ডিস পুকুরপাড় এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও যাচাই করা হতে পারে।