পদত্যাগ করছেন ইশরাক! দুপুর ২টায় চূড়ান্ত ঘোষণা
মাদকবিরোধী অভিযান ঘিরে পদত্যাগ করছেন ইশরাক!
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে ইশরাক হোসেন বলেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, পদত্যাগের পর সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। এ সময় মাদক নির্মূলে তাঁর কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও বিস্তৃত করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান।
পোস্টে ইশরাক হোসেনের বক্তব্য, মাদক নির্মূলের লক্ষ্যেই তিনি ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে কাজ করতে চান। এ জন্য মন্ত্রিত্বের চেয়ে মাদক নির্মূলের কার্যক্রমকে বেশি গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তাঁর পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়ার কথাও তুলে ধরেন।
এদিকে, মাদকবিরোধী অভিযানকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির মধ্যে তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে তিনি কী ঘোষণা দেন, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।