ইসরায়েল সৌদিকে অনেক সাহায্য করেছে ট্রাম্প
ইসরায়েল সৌদি আরবকে অনেক সাহায্য করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনীর সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের ইসরায়েলের সহায়তার প্রস্তাব গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইসরায়েলের সহায়তা সৌদি আরবের জন্য অত্যন্ত কার্যকর। একই সঙ্গে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। ট্রাম্পের মতে, ভবিষ্যতে এই চুক্তিতে সৌদি আরবের যোগ দেওয়ার সম্ভাবনা আগের চেয়েও বাড়তে পারে। তবে সৌদি আরব বরাবরই বলে আসছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট পথ তৈরি না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। এদিকে ইয়েমেনকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার অভিযোগ করেছে, হুথিরা এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে হুথি-সংশ্লিষ্ট সূত্র সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে। এসব দাবির সবকটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পরিস্থিতির মধ্যে সৌদি আরবে নিযুক্ত মার্কিন দূতাবাস দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করেছে। বিমানবন্দরে হামলা, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। এদিকে হুথিদের হামলায় ইরানের সমর্থন থাকার সৌদি অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, সংশ্লিষ্ট পক্ষগুলো অনুরোধ করলে সংঘাত বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিতে প্রস্তুত ইরান। তিনি বলেন, ইয়েমেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং হস্তক্ষেপ ও অবরোধ বন্ধ করাই সংকট সমাধানের গুরুত্বপূর্ণ পথ।