সতর্কতার পরও চালু ছিল রিসোর্ট আগুনে প্রাণ গেল ১০ জনের

১৭ অক্টোবর ২০২৬ - ১৪:১৬ অপরাহ্ণ
 0
সতর্কতার পরও চালু ছিল রিসোর্ট আগুনে প্রাণ গেল ১০ জনের

সতর্ক করার পরও চালু ছিল টুপটুপ রিসোর্ট, আগুনে নিহত ১০

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, সতর্ক করার পরও চালু ছিল প্রতিষ্ঠানটি—এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি জানান, উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে অবস্থিত তিনতলা কাঠের তৈরি টুপটুপ রিসোর্টটির ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় সনদ ছিল না। গত জুনে পরিদর্শনের পর রিসোর্টটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও সেখানে কার্যক্রম চলছিল। শনিবার ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, রিসোর্টটির নিচতলায় ছিল রেস্তোরাঁ এবং ওপরের দুই তলায় পর্যটকদের থাকার ব্যবস্থা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিকটতম ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় ২২ কিলোমিটার। পরে সেখান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি। মহাপরিচালক আরও বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় কাঠ ও দাহ্য উপকরণ দিয়ে তৈরি অনেক রিসোর্ট প্রয়োজনীয় অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিনির্বাপণের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, সরু রাস্তা ও ভবনগুলোর মধ্যে পর্যাপ্ত দূরত্ব না থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এ সমস্যা মোকাবিলায় সরু রাস্তায় চলাচল উপযোগী বিশেষ তিন চাকার যান ব্যবহারের পরিকল্পনা করছে ফায়ার সার্ভিস। পাশাপাশি মোটরসাইকেলে হোস পাইপ বহন করে আগুন নেভানোর বিকল্প ব্যবস্থাও বিবেচনা করা হচ্ছে।