তীর্থযাত্রায় গিয়ে ভয়াবহ দুর্ঘটনা বন্যার স্রোতে প্রাণ গেল ৮ জনের
তীর্থযাত্রাই হলো শেষযাত্রা, প্রাণ গেল ৮ জনের
তীর্থযাত্রায় বেরিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের সাতজনসহ আটজনের। ভারতের মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় বন্যার পানির তীব্র স্রোতে গাড়ি ভেসে গিয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।
শনিবার নালখেড়া থানা এলাকার বগুলামুখী মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতরা ভারতের ওড়িশার ভুবনেশ্বরের জয়দেব বিহারের বাসিন্দা। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির দর্শন শেষে তারা আরেকটি মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে বন্যার পানির তীব্র স্রোতে তাদের গাড়িটি ভেসে যায়।
নিহত আটজনের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। অন্যজন ছিলেন গাড়ির চালক, যিনি স্থানীয় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই এলাকায় গত ২৪ ঘণ্টায় প্রায় চার ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। এতে পানির স্তর দ্রুত বেড়ে গিয়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়। আর সেই স্রোতেই মুহূর্তের মধ্যে গাড়িটি ভেসে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে নালখেড়া থানা পুলিশ। পরে গাড়ি থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।