মাদাগাস্কারে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, দুই বছরের মধ্যে ভোট
বিক্ষোভের জেরে দেশ ছাড়তে বাধ্য হওয়া প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার অনুপস্থিতিতে মাদাগাস্কারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর একটি বিশেষ এলিট ইউনিট এই তথ্য জানিয়েছে বলে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই সপ্তাহ আগে শুরু হওয়া আন্দোলনের সূত্রপাত হয়েছিল বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে। এরপর ধীরে ধীরে সেটি রূপ নেয় দুর্নীতি বিরোধী ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি বিরোধী বিক্ষোভে। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগ দাবি করে রাস্তায় নেমে আসেন।
গত শনিবার সেনাবাহিনীর প্রভাবশালী এলিট ইউনিট হঠাৎ ব্যারাক থেকে বের হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়, যা রাজনৈতিক অস্থিরতাকে আরও ঘনীভূত করে তোলে।
এরপর সোমবার জানা যায়, প্রেসিডেন্ট আন্দ্রি ফ্রান্সের একটি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে, জীবন রক্ষার জন্য তিনি বর্তমানে ‘নিরাপদ’ স্থানে অবস্থান করছেন।
প্রেসিডেন্টের দেশত্যাগের পর মাদাগাস্কারের সংসদ সদস্যরা তাকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেন। আন্দ্রি প্রতিক্রিয়াস্বরূপ সংসদ বিলুপ্তির ঘোষণা দেন। তবে সংসদ সদস্যরা ওই সিদ্ধান্তকে ‘অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেন এবং অভিশংসনের পক্ষে ভোট দেন। এর কিছুক্ষণ পরই সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয়ক্ষমতা দখলের পর সেনাবাহিনী জানিয়েছে, তারা দেশের স্থিতিশীলতা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে এবং আগামী দুই বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে।
উল্লেখ্য, ২০০৯ সালেও সেনাবাহিনীর একই এলিট ইউনিট আন্দ্রিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে সহায়তা করেছিল। সে সময় তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে সরিয়ে তিনি ক্ষমতা গ্রহণ করেন। ১৫ বছর পর এবার সেই একই ইউনিট তার বিরুদ্ধেই অবস্থান নিয়ে ক্ষমতা দখল করেছে।