প্রীতম-শেহতাজের বিচ্ছেদ মিলে গেল ৪ বছর আগের পোস্ট!
প্রীতম-শেহতাজের বিচ্ছেদের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে চার বছর আগের একটি পোস্ট। ওই পোস্টে তাদের বিচ্ছেদের দিন পুরোনো পোস্টটি আবার শেয়ার করার কথা লিখেছিলেন এক ব্যক্তি।
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা রোববার পৃথক ফেসবুক পোস্টে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান।
বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর ছড়িয়ে পড়ে ২০২২ সালের ২৮ অক্টোবরের সেই পোস্ট। সেখানে লেখা ছিল, ‘প্রীতম আর শেহতাজের ডিভোর্সের দিন আমি আবার এই পোস্ট শেয়ার দেব।’
চার বছর পর তাদের বিচ্ছেদের ঘোষণার পর পুরোনো পোস্টটি আবার সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। তবে ওই পোস্টের সঙ্গে বর্তমান বিচ্ছেদের কোনো সম্পর্ক রয়েছে—এমন কোনো তথ্য নেই। পুরো বিষয়টিকে কাকতালীয় বলেই উল্লেখ করা হচ্ছে।
বিচ্ছেদের ঘোষণা দিয়ে প্রীতম জানান, প্রায় ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সম্মতি ও সমর্থন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রীতম বলেন, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
শেহতাজও পৃথক পোস্টে একই ধরনের বক্তব্য দেন। তিনি জানান, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তাদের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে জীবনের এই পরিবর্তনের সময়ে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে তাদের পরিচয়। পরে দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা-বাগানে বিয়ে করেন তারা। এর আগের রাতে হয় তাদের গায়েহলুদ।