নতুন সম্পর্কে সাবিলা নূর ‘আমার ভালোবাসার নাম লিলি’

১৭ নভেম্বর ২০২৬ - ১০:৫৪ পূর্বাহ্ণ
 0
নতুন সম্পর্কে সাবিলা নূর ‘আমার ভালোবাসার নাম লিলি’

বিয়ে-বিচ্ছেদ ও নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চললেও এতদিন বিষয়টি এড়িয়ে গেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে মজার ছলে নিজের ভালোবাসার কথা জানান এই অভিনেত্রী। সাবিলা বলেন, নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবর ছড়িয়েছে, তার রহস্য আজ প্রকাশ হয়ে গেল। তার নতুন সম্পর্ক লিলির সঙ্গে। এই ভালোবাসার লিলি যেন সব সময় তার সঙ্গে থাকে। তবে লিলি কোনো ব্যক্তি নয়, বরং তার বিশেষ ভালোবাসার নাম। এ সময় বিচ্ছেদ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।

এদিকে, গত বছর বড় পর্দায় অভিষেকের পর সিনেমা নিয়ে ব্যস্ততা বেড়েছে সাবিলা নূরের। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। বর্তমানে নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’-এ যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির গল্প ভালো লাগায় কাজটি করতে আগ্রহী হয়েছেন বলে জানান তিনি। সাবিলার মতে, নিয়মিত সিনেমায় কাজ করার চেয়ে ভালো গল্প নির্বাচন করাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

নতুন এই সিনেমার মাধ্যমে আবারও অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন সাবিলা। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। নতুন সিনেমার চরিত্রের প্রস্তুতি নিতে নিয়মিত চলচ্চিত্র দেখছেন অভিনেত্রী। বিশেষ করে হরর সিনেমার প্রতি তার আলাদা আগ্রহ রয়েছে। সম্প্রতি ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’ সিনেমা দেখেছেন বলেও জানান তিনি।

অভিনয়ের পাশাপাশি বই পড়ার প্রতিও রয়েছে সাবিলার বিশেষ আগ্রহ। ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী এই অভিনেত্রীর ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস। বর্তমানে জন স্টেইনবেকের বিখ্যাত উপন্যাস ‘ইস্ট অব ইডেন’ আবারও পড়ছেন তিনি। উপন্যাসটি অবলম্বনে সামনে সিনেমা নির্মিত হতে যাচ্ছে। বইয়ের গল্পের সঙ্গে পর্দায় নির্মিত গল্পের পার্থক্য বুঝতেই নতুন করে উপন্যাসটি পড়ছেন বলে জানান সাবিলা।

অন্যদিকে, টেলিভিশন নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেলেও দুই বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করছেন না তিনি। আপাতত নাটকে অনিয়মিত থাকলেও অভিনয়ের এই মাধ্যম থেকে পুরোপুরি সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবিলা নূর।