তবে কি আবারও মা হলেন পরীমনি? ‘তিন নম্বর জন ডান’, রহস্য বাড়ল

৭ সেপ্টেম্বর ২০২৬ - ১০:৪৬ পূর্বাহ্ণ
 0
তবে কি আবারও মা হলেন পরীমনি? ‘তিন নম্বর জন ডান’, রহস্য বাড়ল

তিন নম্বর জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমনি

চিত্রনায়িকা পরীমনির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ছবিটি প্রকাশ করে রহস্যময় ক্যাপশন দিয়েছেন তিনি। এরপরই ভক্তদের প্রশ্ন—তবে কি আবারও মা হলেন পরীমনি?

ফেসবুকে শিশুটিকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করে পরীমনি ক্যাপশনে লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের নানা প্রশ্ন দেখা যায়।

বর্তমানে পরীমনির পরিবারে রয়েছে দুই সন্তান। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন তিনি। কয়েক বছর পর একটি কন্যাশিশুকে দত্তক নেন পরীমনি। মেয়েটির নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা অবশ্য নতুন নয়। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তার ভালোবাসার কথা বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে। ভবিষ্যতে আরও অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

সোমবার প্রকাশ করা ছবিতে দেখা যায়, গাড়িতে বসে আছেন পরীমনি। চোখে রোদচশমা ও পরনে পরিপাটি পোশাক। তার কোলে রয়েছে একটি সদ্যোজাত শিশু। ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের অভিনন্দন ও কৌতূহলে সরগরম হয়ে ওঠে মন্তব্যের ঘর।

শিশুটির পরিচয় এবং ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশনের অর্থ জানতে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি। ফলে শিশুটিকে ঘিরে রহস্য আরও বেড়েছে।

পরীমনি নতুন করে কোনো সন্তান দত্তক নিয়েছেন কি না, কিংবা ছবির শিশুটির সঙ্গে তার সম্পর্ক কী—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। তাই আপাতত বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও অনুমান।