নতুন বাইক কেনার পরই মর্মান্তিক মৃত্যু! সড়কে প্রাণ গেল তরুণ ইউটিউবারের
ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটর আস মুহাম্মদের
ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আস মুহাম্মদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।
গত ২৮ আগস্ট দুপুরে উত্তরাখণ্ডের সহসপুর এলাকায় দেহরাদুন-পাঁওটা সাহেব জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনার দিন সকালেই দেহরাদুন থেকে একটি স্পোর্টস বাইক কিনেছিলেন আস মুহাম্মদ।
নতুন মোটরসাইকেল নিয়ে হিমাচল প্রদেশের পাঁওটা সাহেবের দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দেন তিনি। এতে গুরুতর আহত হন ওই তরুণ।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর তার আঘাতের তীব্রতা বাড়তে থাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সহসপুর থানার ওসি প্রদীপ রাওয়াত জানান, আস মুহাম্মদ নিয়মিত মোটরসাইকেল চালানোর ভিডিও তৈরি করতেন। বিভিন্ন নামিদামি ও স্পোর্টস বাইক নিয়ে ভ্লগ বানিয়ে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করতেন তিনি।
নতুন বাইক কেনার কয়েক ঘণ্টার মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে শোক নেমে এসেছে তার পরিবার, স্বজন ও অনুসারীদের মধ্যে।