‘আমাকে কেন ধরেছো?’ সাংবাদিকের আচরণে ক্ষুব্ধ পরীমনি

১৭ নভেম্বর ২০২৬ - ১০:৫১ পূর্বাহ্ণ
 0
‘আমাকে কেন ধরেছো?’ সাংবাদিকের আচরণে ক্ষুব্ধ পরীমনি

‘আমাকে কেন ধরেছো? ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’—আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণ নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি জানিয়েছেন, সম্প্রতি আদালতে যাওয়ার সময় ওই ব্যক্তি তাকে স্পর্শ করায় আপত্তি জানান তিনি। পরে ওই ব্যক্তি নিজের সাংবাদিক পরিচয়পত্র দেখিয়ে পরিচয় দেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী।

পরীমনি বলেন, আদালতে আসা-যাওয়ার অভিজ্ঞতা তার প্রায় ছয় বছরের। এই দীর্ঘ সময়ে মূলধারার সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর—অনেকেই তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন। কিন্তু কখনো কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এতদিনের যাতায়াতে কেউ বলতে পারবেন না যে তিনি কারও সঙ্গে খারাপ আচরণ করেছেন।

এদিকে, পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। মঙ্গলবার শুনানি শেষে আদালত আগামী ২৩ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও পায়ে ব্যথার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনে ১৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন র‍্যাবের একজন কর্মকর্তা।

তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে তার নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল, যার মেয়াদ পরবর্তী সময়ে শেষ হয়ে যায়।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। এমনকি তার গাড়িও মাদক পরিবহনে ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়। এসব অভিযোগের বিষয়ে মামলার বিচারিক প্রক্রিয়া এখনো চলমান।

এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটির অভিযোগ গঠনের শুনানি আবার শুরু হয়।

দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে চলা এই মামলায় এখন পরবর্তী শুনানির অপেক্ষা। আগামী ২৩ ডিসেম্বর আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।