‘থ্রি ইডিয়টস’-এর দেয়ালে কেন লেখা ৫ সেপ্টেম্বর? রয়েছে চমকপ্রদ এক রহস্য

৫ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৩০ অপরাহ্ণ
 0
‘থ্রি ইডিয়টস’-এর দেয়ালে কেন লেখা ৫ সেপ্টেম্বর? রয়েছে চমকপ্রদ এক রহস্য

‘থ্রি ইডিয়টস’-এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য

প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয় বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর একটি দৃশ্য। সিনেমাটির ক্যাম্পাসের দেয়ালে লেখা ‘৫ সেপ্টেম্বর’ তারিখটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আলাদা আগ্রহ।

২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে অমি বৈদ্য অভিনীত চতুর রামালিঙ্গম বা ‘সাইলেন্সার’ ছিল মুখস্থবিদ্যা ও অন্ধ প্রতিযোগিতার প্রতীক। শিক্ষক দিবসের অনুষ্ঠানে ডিন ‘ভাইরাস’কে খুশি করতে মুখস্থ করা একটি ভাষণ দিতে গিয়ে র‍্যাঞ্চোর কৌশলে শব্দের পরিবর্তনের কারণে সবার সামনে বিব্রত হয় চতুর।

এরপর র‍্যাঞ্চো ও তার বন্ধুদের ১০ বছর পর একই দিনে, অর্থাৎ ৫ সেপ্টেম্বর আবার ক্যাম্পাসে দেখা করার চ্যালেঞ্জ দেয় সে। সেই স্মৃতি ধরে রাখতেই ক্যাম্পাসের দেয়ালে ৫ সেপ্টেম্বর তারিখটি লিখে রাখে চতুর।

তবে সিনেমায় ৫ সেপ্টেম্বর তারিখটি ব্যবহারের পেছনে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ। ভারতে প্রতি বছর ৫ সেপ্টেম্বর স্বাধীন ভারতের প্রথম উপররাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়।

১৯৬২ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীরা তাঁর জন্মদিন উদযাপন করতে চাইলে তিনি নিজের জন্মদিনের পরিবর্তে দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালনের আহ্বান জানান। এরপর থেকেই ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সিনেমা বিশ্লেষকদের মতে, ‘থ্রি ইডিয়টস’-এ ৫ সেপ্টেম্বরের এই দৃশ্য শুধু হাস্যরসের জন্য নয়। এর মাধ্যমে মুখস্থনির্ভর শিক্ষা, নম্বরের পেছনে ছোটা এবং সৃজনশীলতার সংকটের মতো বিষয়ও তুলে ধরা হয়েছে।

সিনেমাটি মুক্তির প্রায় ১৭ বছর পরও প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সেই দেয়ালের ছবি ও ‘সাইলেন্সার’-এর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে। ফলে সিনেমার একটি সাধারণ তারিখই এখন শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনার প্রতীক হয়ে উঠেছে।