৮ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ টানা ২২ দিন নিষেধাজ্ঞা
ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে।
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমসহ সামুদ্রিক মৎস্য দপ্তর, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, মৎস্য আড়তদার, মৎস্য সমিতি ও বরফকল মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, একটি মা ইলিশ প্রায় ৩ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত ডিম দিতে পারে। প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে ইলিশের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ইলিশের উৎপাদন বাড়াতে ২২ দিনের জন্য ইলিশ আহরণ ও বিক্রিসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
এ সময়ে নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও মৎস্য বিভাগের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে।
এ ছাড়া ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকায় উপকূলীয় এলাকার জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।