দোভালকে সমন পাঠাতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ
দোভালকে সমন পাঠাতে দিল্লির তিন আদালতের দ্বারস্থ যুক্তরাষ্ট্র
খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে জারি করা সমন পাঠাতে দিল্লির তিন আদালতের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের একটি আদালতের বিচারক দ্য হেগ কনভেনশন অনুযায়ী পাতিয়ালা হাউস, দ্বারকা ও তিস হাজারী আদালতকে এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের ঠিকানায় সমন পৌঁছে দেওয়ার পাশাপাশি এ বিষয়ে নেওয়া পদক্ষেপের লিখিত প্রতিবেদনও চাওয়া হয়েছে। তবে সমন পৌঁছে দিতে দিল্লির আদালতগুলোর সহায়তা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে ভারতের সরকারি সূত্র।
২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর পান্নুনের দায়ের করা মামলায় অজিত দোভাল, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েল, নিখিল গুপ্তা ও বিকাশ যাদবকে আসামি করা হয়েছে। মামলায় পান্নুনের অভিযোগ, তাকে হত্যার পরিকল্পনার মূল হোতা ছিলেন অজিত দোভাল। এর আগে ভারতীয় দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে সমন পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এমনকি যুক্তরাষ্ট্র সফরের সময় দোভালের হাতে সমন পৌঁছে দেওয়ার তিনটি চেষ্টাও ব্যর্থ হয়েছে বলে আদালতকে জানিয়েছেন পান্নুন।
এদিকে, হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে পরে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার করা হয়। মামলায় তিনি দোষ স্বীকার করেছেন এবং শুক্রবার নিউইয়র্কের আদালতে তার সাজা ঘোষণার কথা রয়েছে। তবে পান্নুনের অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত সরকার একে সাজানো, মনগড়া, বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, এ ধরনের বিচারিক নথি জারির জন্য দেশটির মনোনীত কেন্দ্রীয় কর্তৃপক্ষ হলো আইন ও বিচার মন্ত্রণালয়।