কাজী জাফর উল্লাহ পরিবারের ১৫৫ কোটি টাকার হিসাব ফ্রিজ

৫ অক্টোবর ২০২৬ - ১৫:৪৭ অপরাহ্ণ
 0
কাজী জাফর উল্লাহ পরিবারের ১৫৫ কোটি টাকার হিসাব ফ্রিজ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, তাঁর স্ত্রী ও তিন সন্তানের নামে থাকা ব্যাংক হিসাব, এফডিআর ও লকার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের ব্যাংক হিসাব ও লকার অবরুদ্ধ করা হয়েছে, তারা হলেন—কাজী জাফর উল্লাহ, তাঁর স্ত্রী নীলুফার জাফরউল্লাহ, বড় ছেলে কাজী ওমর জাফর, মেজো ছেলে কাজী রায়হান জাফর এবং মেয়ে আনুস্কা মেহরীন জাফর।

দুদকের আবেদনে বলা হয়, পরিবারের সদস্যদের নামে মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের গুলশান ও বনানী শাখায় বিপুল পরিমাণ এফডিআর, সঞ্চয়ী ও চলতি হিসাব রয়েছে। এসবের কয়েকটিতে লকার সুবিধাও রয়েছে।

আবেদন অনুযায়ী, কাজী জাফর উল্লাহর নামে ৪৪টি ব্যাংক ও এফডিআর হিসাবে তিন ব্যাংকে রয়েছে প্রায় ৪৯ কোটি ৭৬ লাখ টাকা। তাঁর স্ত্রী নীলুফার জাফরউল্লাহর নামে ২৪টি হিসাবে রয়েছে প্রায় ২৬ কোটি ২৬ লাখ টাকা। তাঁর মিডল্যান্ড ব্যাংকে ডাবল লকারও রয়েছে।

বড় ছেলে কাজী ওমর জাফরের নামে ৩৩টি হিসাবে রয়েছে প্রায় ২৩ কোটি ৮৫ লাখ টাকা। মেজো ছেলে কাজী রায়হান জাফরের নামে ২৮টি হিসাবে রয়েছে প্রায় ২৩ কোটি ৩৭ লাখ টাকা ও ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার। আর মেয়ে আনুস্কা মেহরীন জাফরের নামে ৪২টি হিসাবে রয়েছে প্রায় ৩১ কোটি ৭৭ লাখ টাকা।

দুদক জানায়, অনুসন্ধানে এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তরের চেষ্টা করার তথ্য পাওয়া গেছে। অভিযোগ নিষ্পত্তির আগে সম্পদগুলো হাতবদল হয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে ব্যাংক হিসাব, এফডিআর ও লকারগুলো অবিলম্বে অবরুদ্ধ করার আবেদন করে দুদক। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব হিসাব ও লকার অবরুদ্ধ করার আদেশ দেন।