শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সমর্থন সহিংসতায় কঠোর হুঁশিয়ারি শামার

১৭ নভেম্বর ২০২৬ - ১০:৪৬ পূর্বাহ্ণ
 0
শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সমর্থন সহিংসতায় কঠোর হুঁশিয়ারি শামার

প্রকৃত শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণে সরকার প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা চলছে। প্রকৃত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে সরকারের কোনো আপত্তি নেই। তবে আন্দোলনের নামে বর্তমানে যে সহিংসতা ও অরাজকতা চলছে, তা বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘ইউএন গ্লোবাল ডে সেলিব্রেশনস’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, দেশে বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। সরকার স্থিতিশীল রয়েছে এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণেরও একটি নির্দিষ্ট সীমা রয়েছে বলে সতর্ক করেন তিনি। আন্দোলনের নামে কতটা অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, সরকার তা দেখছে উল্লেখ করে তিনি বলেন, সবকিছুরই একটি সীমারেখা রয়েছে।

তিনি আরও বলেন, অতীতে যেভাবে ১৭ বছর ধরে দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, সেই পরিস্থিতি আবারও ফিরিয়ে আনার কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার দাবি, বিদেশি ক্রেতা ও উন্নয়ন সহযোগীরা যখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন, ঠিক সেই সময়েই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।