মরিয়মের মৃত্যুতে ৫ কারণ নজরুল-মাকছুদার রিমান্ড

২১ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:০৭ অপরাহ্ণ
 0
মরিয়মের মৃত্যুতে ৫ কারণ নজরুল-মাকছুদার রিমান্ড

যে ৫ কারণে গাজী নজরুল ও তার স্ত্রীকে রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে পাঁচটি কারণ তুলে ধরে।

পুলিশের আবেদনে বলা হয়, মরিয়ম যখন ফাঁস দিয়ে মারা যান, তখন একই বাসায় ছিলেন নজরুল ও মাকছুদা। ওই সময় তাদের কোনো ভূমিকা ছিল কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এ ছাড়া মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা, মানসিক চাপ বা ভয়ভীতি দেখানো হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখতে চায় পুলিশ। মামলার পলাতক আসামি গাড়িচালক ওবায়দুর রহমানের ভূমিকা এবং তার অবস্থান শনাক্তের বিষয়টিও তদন্তে রয়েছে।

মরিয়মের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত কেউ জড়িত ছিল কি না এবং মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনেও আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

এর আগে মরিয়মের বাবা শেরেবাংলা নগর থানায় নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও আনা হয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন। মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।