প্রাচীন মিসরীয় অভিশাপের ভয়ংকর রহস্য বাংলাদেশে মুক্তি পেল তুর্কি সিনেমা ‘সয়’
প্রাচীন মিসরীয় অভিশাপের রহস্য নিয়ে বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’
তুর্কি টেলিভিশন সিরিজের জনপ্রিয়তার পাশাপাশি দেশটির সিনেমাও আন্তর্জাতিক অঙ্গনে দর্শকদের নজর কাড়ছে। নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আধুনিক নির্মাণশৈলী এবং শক্তিশালী গল্পের সমন্বয়ে তুর্কি চলচ্চিত্র পেয়েছে আলাদা পরিচিতি। রোমান্টিক ও পারিবারিক গল্পের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভৌতিক সিনেমা দিয়েও দর্শকদের আকৃষ্ট করছে তুরস্ক। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুর্কি অতিপ্রাকৃত হরর সিনেমা ‘সয়’।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি প্রদর্শন শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। মুক্তির আগে তুরস্কে সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে বলে জানানো হয়েছে।
ম্যাক্সিম আলেকজান্দ্রে পরিচালিত ‘সয়’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং একটি রহস্যময় প্রাসাদকে ঘিরে। গল্পের শুরু প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনা দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান। কিন্তু সেই চিত্রকর্মের সঙ্গে জড়িয়ে থাকা ভয়ংকর অভিশাপ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। একপর্যায়ে সেই অভিশাপ তার জীবন ও পরিবারকে বিপর্যস্ত করে তোলে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে বাধ্য হন তিনি।
বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই রহস্যময় প্রাসাদে ডেকে পাঠান। ক্যান তার প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে পরিবারের পুরোনো প্রাসাদে পৌঁছালে শুরু হয় ভয়ংকর সব ঘটনা। ঘন কুয়াশা পুরো প্রাসাদকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর ধীরে ধীরে সামনে আসতে থাকে পরিবারের অতীতের অজানা ও অন্ধকার ইতিহাস। প্রকাশ পায় প্রাচীন মিসরের এক ভয়াবহ অভিশাপের সঙ্গে প্রাসাদটির সম্পর্ক।
একটি অভিশপ্ত চিত্রকর্মের মাধ্যমে আবারও জেগে ওঠে অশুভ শক্তি। বন্ধুদের মধ্যে অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা এবং একের পর এক অতিপ্রাকৃত আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প। শেষ পর্যন্ত বাসাককে এমন এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যার ওপর নির্ভর করছে পুরো পরিবারের ভবিষ্যৎ।
সিনেমাটির অন্যতম আকর্ষণ প্রাচীন মিসরীয় অভিশাপ, রহস্যময় প্রাসাদ, পারিবারিক গোপন ইতিহাস এবং মনস্তাত্ত্বিক ভয়ের সমন্বয়। তুর্কি হরর সিনেমায় প্রচলিত জিনভিত্তিক গল্পের বাইরে গিয়ে প্রাচীন মিসরের রহস্যকে আধুনিক গল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। অতীতের পাপ, বিশ্বাসঘাতকতা ও বংশপরম্পরায় ছড়িয়ে পড়া অশুভ শক্তি দর্শকদের জন্য তৈরি করেছে ভিন্নধর্মী ভৌতিক অভিজ্ঞতার আবহ।
হরর সিনেমাপ্রেমীদের জন্য ‘সয়’ কতটা আকর্ষণীয় হয়ে ওঠে, এখন সেটিই দেখার অপেক্ষা। বিশেষ করে রহস্য, অতিপ্রাকৃত ঘটনা ও মনস্তাত্ত্বিক ভয়ের গল্প পছন্দ করেন, এমন দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকতে পারে সিনেমাটি।