‘বাংলাদেশকে নিতে চাই শীর্ষে’ ভোট চাইলেন সামিরা খান মাহি
‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে’—ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন এবারের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি। শুরু হয়েছে মিস ইউনিভার্সের অফিশিয়াল ফ্যান ভোটিং। আর এই ভোটে বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্ত ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানান সামিরা খান মাহি। পোস্টে তিনি লেখেন, ‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! মিস ইউনিভার্সের ফ্যান ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আসুন, আমরা সবাই একসঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়াই এবং আমাদের পূর্ণ সমর্থন জানাই।’
একই সঙ্গে কীভাবে ভোট দিতে হবে, সেই প্রক্রিয়াও তুলে ধরেছেন তিনি। ভোট দিতে প্রথমে অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ‘MU FAN’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপটি খুলে ‘Vote’ অপশনে গিয়ে ‘Miss Universe Bangladesh’ নির্বাচন করে বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে।
এর আগে গত ৭ নভেম্বর রাতে রাজধানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেওয়া হয়। গত বছরের বিজয়ী ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা তাঁকে এই মুকুট পরিয়ে দেন।
এই খেতাব অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন মাহি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। তবে বিশ্বমঞ্চে তাঁদের কেউ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি। এবার সামিরা খান মাহিকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে তাঁর সাফল্যের জন্য দেশবাসীর সমর্থন ও ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।