অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাতে তাদের আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তাসহ পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
ঢাকার মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে আমাদের অভিন্ন লক্ষ্যগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।