তুরস্কের ফার্স্ট লেডির আয়োজনে মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

১২ নভেম্বর ২০২৬ - ১৩:১৭ অপরাহ্ণ
 0
তুরস্কের ফার্স্ট লেডির আয়োজনে মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আমন্ত্রণে আয়োজিত বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় তাঁদের মধ্যে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।

মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীসহ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা অংশ নেন। এ সময় উপস্থিত অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন ডা. জুবাইদা রহমান।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।