‘রোকযানা’ গানের শিল্পী সাহেদ আর নেই

১৩ নভেম্বর ২০২৬ - ০৯:২৪ পূর্বাহ্ণ
 0
‘রোকযানা’ গানের শিল্পী সাহেদ আর নেই

‘রোকযানা’ গানের শিল্পী সাহেদ আর নেই

‘রোকযানা’ গানের মাধ্যমে শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পাওয়া সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান এই সংগীতশিল্পী। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।

দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাকে। গত ২৪ অক্টোবর রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃদু স্ট্রোক হলে স্বাভাবিকভাবে কথা বলতেও সমস্যা দেখা দেয়। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ রুবাইয়াত রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, কিডনির অসুস্থতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছিলেন তিনি। সর্বশেষ অস্বাভাবিক রক্তক্ষরণ তার শারীরিক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অসুস্থতার মধ্যেও নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ। প্রায় ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান শ্রোতাদের সামনে আনার পরিকল্পনা ছিল তার। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড আকারেও প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন তিনি। প্রতিটি মাধ্যমে চারটি করে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা ছিল।

এ উপলক্ষে গত ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা থাকলেও অসুস্থতার কারণে তা বাতিল করা হয়। বন্ধু এরশাদুল হক জানিয়েছিলেন, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল সাহেদের। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। নতুন গান প্রকাশ এবং সুস্থ হয়ে আবার সংগীতে ফেরার স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন এই শিল্পী।

নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেন শেখ সাহেদ আলী। তিনি ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত ছিলেন। তার গাওয়া ‘রোকযানা’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক পরিচিতি পায়। এ ছাড়া ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’ গানগুলোও শ্রোতাদের কাছে পরিচিত।

১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে নিজস্ব গান ও স্বতন্ত্র পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন শেখ সাহেদ আলী।